স্টাফ রিপোর্টার, ভয়েস অব শ্রীমঙ্গল:
মৌলভীবাজার–৪ (শ্রীমঙ্গল–কমলগঞ্জ) সংসদীয় আসনে মনোনয়ন প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিলেট মহানগরের সহকারী সেক্রেটারি এডভোকেট মোহাম্মদ আবদুর রব।
মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুর দেড়টায় নিজের অফিসিয়াল ফেসবুক পেজে এক আবেগঘন বার্তায় তিনি জানান, কেন্দ্রীয় সংগঠনের সিদ্ধান্ত ও জোটের স্বার্থে সব কিছু ঠিকঠাক থাকলে বিকাল ৩টা ৩০ মিনিট থেকে ৪টার মধ্যে মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন প্রত্যাহার করা হবে, ইনশাআল্লাহ।
বার্তায় তিনি বলেন, দীর্ঘদিন ধরে সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী মৌলভীবাজার–৪ আসনে জনমত গঠনের লক্ষ্যে তিনি সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে গেছেন। নানা সীমাবদ্ধতা ও ব্যক্তিগত দুর্বলতা সত্ত্বেও মাঠে থেকে সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করেছেন বলে উল্লেখ করেন।
তিনি আরও বলেন, “আপনাদের আন্তরিক সহযোগিতা, ভালোবাসা ও দোয়ার কারণে এই আসনে জামায়াতে ইসলামী ও দাঁড়িপাল্লার পক্ষে সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে ব্যাপক সমর্থন তৈরি হয়েছে—আলহামদুলিল্লাহ।”
শ্রীমঙ্গল ও কমলগঞ্জের সর্বস্তরের মেহনতি মানুষের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়ে এডভোকেট আবদুর রব বলেন, জনগণ যেভাবে তাঁকে আপনজন হিসেবে গ্রহণ করেছেন এবং অভূতপূর্ব ভালোবাসায় আবদ্ধ করেছেন—এর প্রতিদান দেওয়ার সামর্থ্য তাঁর নেই। তিনি মহান আল্লাহর কাছে সকলের সার্বিক কল্যাণ ও নিরাপত্তা কামনা করেন।
এ সময় তাঁর এই রাজনৈতিক পথচলায় অংশগ্রহণকারী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের অবর্ণনীয় ত্যাগ ও কষ্টের কথা স্মরণ করে বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেন। রাত-দিন এক করে মাঠে কাজ করা কর্মীদের জন্য আল্লাহর কাছে উত্তম প্রতিদান কামনা করেন তিনি।
নারী নেত্রী ও কর্মীদের অবদানের কথাও বিশেষভাবে উল্লেখ করে তিনি বলেন, জনমত গঠনে তাঁরা যে ধৈর্য, কষ্ট ও ত্যাগ স্বীকার করেছেন—তার জন্য তিনি আজীবন ঋণী।
বার্তায় তিনি আরও বলেন, এই সময় তাঁর কোনো কথা বা কাজে যদি কেউ অনিচ্ছাকৃতভাবে কষ্ট পেয়ে থাকেন, তবে তিনি আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী। সংগঠনের সিদ্ধান্তের প্রতি পূর্ণ আস্থা ও আনুগত্য প্রকাশ করে এডভোকেট আবদুর রব বলেন, ইনশাআল্লাহ ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাওয়া হবে। তিনি আল্লাহর কাছে দোয়া কামনা করেন—যেন এই সকল প্রচেষ্টা দ্বীনের বিজয় ও তাঁর সন্তুষ্টির জন্য কবুল হয়।
প্রধান সম্পাদক এহসান বিন মুজাহির, সম্পাদক ও প্রকাশক মুস্তাকিম আল মুনতাজ তালুকদার
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আইটিসিজি, হাজী এলেমান কবির মার্কেট (২য় তলা) কলেজ রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার থেকে প্রকাশিত। বার্তা ও বিজ্ঞাপন: +৮৮০-১৬০১-৬০৮৬৮৮; ই-মেইল: voiceofsreemangal24@gmail.com
Copyright © 2026 voiceofsreemangal. All rights reserved.