স্টাফ রিপোর্টার, ভয়েস অব শ্রীমঙ্গল:
ব্যক্তিগত অনিবার্য কারণ দেখিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর যুব সংগঠন জাতীয় যুব শক্তি মৌলভীবাজার জেলা শাখার দুই যুগ্ম আহ্বায়ক পৃথকভাবে পদত্যাগ করেছেন। পদত্যাগকারী নেতারা হলেন— আব্দুল বারী খোবায়ের ও আবু হানিফা।
বুধবার (২১ জানুয়ারি) বিকেলে নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক টাইমলাইনে পৃথক পোস্টের মাধ্যমে তারা পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন।
জানা গেছে, একই দিনে সংগঠনের জেলা আহ্বায়কের কাছে পাঠানো পৃথক দুটি লিখিত পদত্যাগপত্রে তারা উল্লেখ করেন, বর্তমান পরিস্থিতিতে তাদের পক্ষে দলের সাংগঠনিক কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করা সম্ভব হচ্ছে না। এ কারণে তারা জাতীয় যুব শক্তির যুগ্ম আহ্বায়ক পদসহ সাধারণ সদস্য পদ থেকেও অব্যাহতি গ্রহণের সিদ্ধান্ত নেন।
পদত্যাগপত্রে আবু হানিফা উল্লেখ করেন, সংগঠনে কাজ করার যে সুযোগ তাকে দেওয়া হয়েছিল, তার জন্য তিনি কৃতজ্ঞ। তিনি আশা প্রকাশ করেন, তার এ সিদ্ধান্তকে সংগঠনের নেতৃবৃন্দ সহানুভূতিশীল দৃষ্টিতে দেখবেন। পাশাপাশি তিনি বলেন, দলের গণতান্ত্রিক আন্দোলনের প্রাথমিক সময় থেকে শুরু করে দীর্ঘ পথচলা কষ্টসাধ্য হলেও তা ছিল গৌরবের।
অন্যদিকে আব্দুল বারী খোবায়ের তার পদত্যাগপত্রে জানান, ব্যক্তিগত কারণে বর্তমানে দলের কর্মকাণ্ডে সক্রিয় থাকা তার পক্ষে সম্ভব নয়। সংগঠনের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, বহু ত্যাগ ও পরিশ্রমের মধ্য দিয়ে জাতীয় যুব শক্তি আজকের অবস্থানে পৌঁছেছে এবং ভবিষ্যতেও সংগঠনটি আরও এগিয়ে যাবে বলে তিনি আশাবাদী।
একই দিনে জেলা শাখার দুই যুগ্ম আহ্বায়কের পদত্যাগে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা সৃষ্টি হয়েছে। তবে দলীয় সূত্র জানিয়েছে, সাংগঠনিক কার্যক্রম স্বাভাবিক রাখতে দ্রুত বিকল্প ব্যবস্থা গ্রহণের বিষয়টি বিবেচনায় রয়েছে।
উল্লেখ্য, আবু হানিফা ও আব্দুল বারী খোবায়ের উভয়েই জাতীয় যুব শক্তি মৌলভীবাজার জেলা শাখার পরিচিত ও সক্রিয় সংগঠক হিসেবে পরিচিত ছিলেন।
প্রধান সম্পাদক এহসান বিন মুজাহির, সম্পাদক ও প্রকাশক মুস্তাকিম আল মুনতাজ তালুকদার
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আইটিসিজি, হাজী এলেমান কবির মার্কেট (২য় তলা) কলেজ রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার থেকে প্রকাশিত। বার্তা ও বিজ্ঞাপন: +৮৮০-১৬০১-৬০৮৬৮৮; ই-মেইল: voiceofsreemangal24@gmail.com
Copyright © 2026 voiceofsreemangal. All rights reserved.