স্টাফ রিপোর্টার, ভয়েস অব শ্রীমঙ্গল:
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম ভাড়াউড়া এলাকায় দীর্ঘদিন ধরে সড়কের পাশে বাসাবাড়ির বর্জ্য ফেলে রাখার কারণে পরিবেশ দূষণ ও দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে উঠেছিল স্থানীয় বাসিন্দারা। বিশেষ করে যেই সড়ক দিয়ে প্রতিদিন শত শত মানুষ চিড়িয়াখানার দিকে যাতায়াত করেন, সেই গুরুত্বপূর্ণ পথেই ময়লা জমে থাকায় জনভোগান্তি বাড়ছিল।
এমন পরিস্থিতিতে শনিবার (১৪ ফেব্রুয়ারি) এলাকার বাসিন্দা ও সমাজসেবী চিকিৎসক ডা. নাজেম আল কোরেশী রাফাত নিজ উদ্যোগে ময়লা অপসারণের ব্যবস্থা করেন। শুধু তাই নয়, যাতে ভবিষ্যতে কেউ এখানে বর্জ্য না ফেলেন সে জন্য প্রতিবেশী, এলাকার মুরব্বি ও যুবসমাজকে সঙ্গে নিয়ে একটি সতর্কতামূলক ব্যানারও টাঙিয়ে দেন।
স্থানীয়রা জানান, আখড়া মন্দির সংলগ্ন পশ্চিম ভাড়াউড়া জামে মসজিদ সড়ক ও কোরেশী ভিলা এলাকার আশেপাশে দীর্ঘদিন ধরে অপরিকল্পিতভাবে ময়লা ফেলার প্রবণতা ছিল। এতে পরিবেশ নষ্ট হওয়ার পাশাপাশি পথচারীদেরও দুর্ভোগ পোহাতে হচ্ছিল। উদ্যোগটি নেওয়ার পর এলাকা এখন অনেক পরিষ্কার ও স্বস্তিদায়ক হয়েছে বলে তারা জানান।
এলাকার আরেক বাসিন্দা বলেন, “আমরা নিজেরাই যদি সচেতন না হই, তাহলে পরিবেশ সুন্দর থাকবে না। ডা. নাজেম সাহেবের এই উদ্যোগ আমাদের জন্য অনুকরণীয়।”
এদিকে স্থানীয় সচেতন মহল আশা প্রকাশ করেছেন, এখন থেকে শ্রীমঙ্গল সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা নিজেরাই সচেতন হয়ে নির্ধারিত স্থানে বর্জ্য ফেলবেন এবং পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখবেন।
এলাকাবাসী এই মহৎ উদ্যোগকে স্বাগত জানিয়ে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়েছেন।
প্রধান সম্পাদক এহসান বিন মুজাহির, সম্পাদক ও প্রকাশক মুস্তাকিম আল মুনতাজ তালুকদার
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আইটিসিজি, হাজী এলেমান কবির মার্কেট (২য় তলা) কলেজ রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার থেকে প্রকাশিত। বার্তা ও বিজ্ঞাপন: +৮৮০-১৬০১-৬০৮৬৮৮; ই-মেইল: voiceofsreemangal24@gmail.com
Copyright © 2026 voiceofsreemangal. All rights reserved.