শ্রীমঙ্গলে নাসিহা ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, ভয়েস অব শ্রীমঙ্গল:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে স্বেচ্ছাসেবী সংগঠন নাসিহা ফাউন্ডেশনের উদ্যোগে বিশিষ্টজনদের সম্মানে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ মার্চ) উপজেলার বরুণা এলাকায় এ আয়োজন করা হয়।
ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫নং কালাপুর ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মো. এবাদুর রহমান মোশাহিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনলাইন গণমাধ্যম ভয়েস অব শ্রীমঙ্গল-এর সম্পাদক ও প্রকাশক মুস্তাকিম আল মুনতাজ তালুকদার।
নাসিহা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা শাফির আহমদ শাকিরের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন মাওলানা আবুল হোসাইন, মাওলানা আব্দুর রউফ আল হাসান, আজমান মিয়া, নফিজ মিয়া, তারাজ মিয়া, সৈয়দ মিয়াসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, আলেম-উলামা ও সংগঠনের সুধীজন। এছাড়া বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশগ্রহণ করেন।
ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় বক্তারা পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে বলেন, রমজান মাস মানুষকে আত্মশুদ্ধি, সংযম ও মানবতার শিক্ষা দেয়। এমন আয়োজন সমাজে পারস্পরিক ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা ও সৌহার্দ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
ইফতার মাহফিলে উপস্থিত অতিথিরা নাসিহা ফাউন্ডেশনের এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতেও সংগঠনটি যেন মানবকল্যাণমূলক ও সামাজিক কর্মকাণ্ড অব্যাহত রাখে—সেই প্রত্যাশা ব্যক্ত করেন।
উল্লেখ্য, নাসিহা ফাউন্ডেশন ২০২৪ সালে প্রতিষ্ঠিত একটি স্বেচ্ছাসেবী ও মানবকল্যাণমূলক সংগঠন। প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে নানা উদ্যোগ গ্রহণ করে আসছে। শিক্ষা সহায়তা, শীতবস্ত্র বিতরণ, খাদ্যসামগ্রী প্রদান, ধর্মীয় ও সামাজিক সচেতনতামূলক কর্মসূচিসহ বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে ইতোমধ্যে স্থানীয়দের আস্থা অর্জন করেছে সংগঠনটি।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, ভবিষ্যতেও নাসিহা ফাউন্ডেশন মানবসেবামূলক কর্মকাণ্ড আরও বিস্তৃত করার লক্ষ্যে কাজ করে যাবে এবং সমাজে নৈতিকতা, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করবে।










