নিজস্ব প্রতিবেদক, ভয়েস অব শ্রীমঙ্গল:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে খরিদা জমি দখলের চেষ্টা ও সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিজেদের নিরাপত্তাহীনতার কথা জানিয়ে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন শহরের হবিগঞ্জ রোড এলাকার বাসিন্দা মো. রুকুম উদ্দিন ওরফে দুলন।
রোববার (১৫ মার্চ) বিকেলে শহরের একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
লিখিত বক্তব্যে রুকুম উদ্দিন জানান, তার পিতা মো. আলাউদ্দিন ২০০১ সালের ১২ জুলাই জাহেদা বেগমের কাছ থেকে ২৭৯৮/০১ নম্বর দলিলের মাধ্যমে ১০ শতাংশ জমি ক্রয় করেন। জমিটির এসএ খতিয়ান নম্বর ১৫৯৪ এবং দাগ নম্বর ৪২২২। জমি ক্রয়ের পর থেকে প্রায় ২৫ বছর ধরে তারা জমিটি ভোগদখলে রেখে গাছপালা রোপণ ও কৃষিকাজ করে আসছেন এবং নিয়মিত খাজনাও পরিশোধ করছেন।
তিনি অভিযোগ করেন, সম্প্রতি ফারুক আহমেদ ও জিল্লুর রহমান নামে দুই ব্যক্তি ওই জমি নিজেদের দাবি করে দখলের চেষ্টা করছেন। তাদের কাছে জমির কাগজপত্র দেখতে চাইলেও তারা কোনো বৈধ দলিল দেখাতে পারেননি বলে দাবি করেন তিনি।
রুকুম উদ্দিনের অভিযোগ, গত ১০ মার্চ সকালে ১৫ থেকে ২০ জনের একটি দল নিয়ে প্রতিপক্ষ তার বাবার খরিদা জমি দখলের চেষ্টা করে। এ সময় তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিলে শ্রীমঙ্গল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। একই দিন সন্ধ্যায় আবারও জমি দখলের উদ্দেশ্যে হামলার চেষ্টা করা হয় বলেও দাবি করেন তিনি।
তিনি আরও জানান, বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে কয়েক দফা সালিশ বৈঠক হলেও কোনো সমাধান হয়নি। বরং প্রতিপক্ষ উল্টো তাদের বিরুদ্ধে মিথ্যা জমি দখলের অভিযোগ তুলে সাংবাদিক সম্মেলন করেছে।
সংবাদ সম্মেলনে রুকুম উদ্দিন বলেন, “আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে বিষয়টি শান্তিপূর্ণভাবে সমাধানের চেষ্টা করেছি। কিন্তু সন্ত্রাসী কায়দায় হামলা ও ভয়ভীতি দেখানোয় আমরা এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।”
তিনি এ ঘটনায় প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ ও প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
প্রধান সম্পাদক এহসান বিন মুজাহির, সম্পাদক ও প্রকাশক মুস্তাকিম আল মুনতাজ তালুকদার
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আইটিসিজি, হাজী এলেমান কবির মার্কেট (২য় তলা) কলেজ রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার থেকে প্রকাশিত। বার্তা ও বিজ্ঞাপন: +৮৮০-১৬০১-৬০৮৬৮৮; ই-মেইল: voiceofsreemangal24@gmail.com
Copyright © 2026 voiceofsreemangal. All rights reserved.