ঝলক দত্ত, নিজস্ব প্রতিবেদক:
পবিত্র রমজানের শেষ দিনে যাকাতের অর্থ দিয়ে এক অসহায় মানুষের জীবনে স্বাবলম্বিতার নতুন দিগন্ত উন্মোচনের অনন্য দৃষ্টান্ত স্থাপিত হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে।
উপজেলার কলেজ রোড এলাকার শারীরিক প্রতিবন্ধী তরিকুল ইসলামের হাতে তুলে দেওয়া হয়েছে একটি নতুন টমটম (ইজিবাইক)। জীবিকার এই বাহনটি তার জন্য শুধু একটি উপহার নয়, বরং নতুন করে বেঁচে থাকার সাহস এবং নিজের পায়ে দাঁড়ানোর প্রত্যয়ের প্রতীক।
জানা যায়, প্রয়াত দানবীর শেখ সিরাজুল ইসলামের বড় ছেলে শেখ শাহ নেওয়াজ আল মামুন ও তাঁর পরিবার এ মানবিক উদ্যোগ গ্রহণ করেন। রমজানের শেষ দিনে প্রায় ১ লাখ ৩০ হাজার টাকা ব্যয়ে ক্রয় করা টমটমটি আনুষ্ঠানিকভাবে তরিকুল ইসলামের হাতে হস্তান্তর করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা ছাত্রদলের সহ-সভাপতি সামি মাহমুদ চৌধুরী, শ্রীমঙ্গল প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আবুজাফর সালাউদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
টমটমটি পেয়ে আবেগাপ্লুত তরিকুল ইসলাম জানান, এটি তার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। এখন থেকে তিনি নিজেই উপার্জন করে পরিবার চালাতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
স্থানীয়রা বলছেন, যাকাতের প্রকৃত উদ্দেশ্য কেবল দান নয়, বরং একজন মানুষকে স্বাবলম্বী করে তোলা। এই উদ্যোগ তারই বাস্তব উদাহরণ হয়ে থাকবে।
এ ধরনের মানবিক কার্যক্রম সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও মনে করছেন সচেতন মহল।
প্রধান সম্পাদক এহসান বিন মুজাহির, সম্পাদক ও প্রকাশক মুস্তাকিম আল মুনতাজ তালুকদার
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আইটিসিজি, হাজী এলেমান কবির মার্কেট (২য় তলা) কলেজ রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার থেকে প্রকাশিত। বার্তা ও বিজ্ঞাপন: +৮৮০-১৬০১-৬০৮৬৮৮; ই-মেইল: voiceofsreemangal24@gmail.com
Copyright © 2026 voiceofsreemangal. All rights reserved.