নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার:
মৌলভীবাজারে পানি নিষ্কাশনের পাইপকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় দুইজন গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় একাধিক ব্যক্তির বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৫ মার্চ রাত সাড়ে এগারোটার দিকে সদর উপজেলার বালিকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দা আফসার হোসেন বাদী হয়ে মৌলভীবাজার সদর মডেল থানায় অভিযোগ দায়ের করেন।
অভিযোগে উল্লেখ করা হয়, প্রতিবেশী শাহীন মিয়া তার বসতবাড়ির পানি নিষ্কাশনের পাইপ একটি সাধারণ ড্রেনে সংযোগ দেওয়ার চেষ্টা করলে অভিযুক্তরা এতে বাধা দেয়। বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে মীমাংসার উদ্যোগ নেওয়া হলে অভিযুক্তদের সঙ্গে বাদীর বিরোধ সৃষ্টি হয়।
এর জেরে পূর্ব পরিকল্পিতভাবে অভিযুক্তরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বাদীর বসতবাড়িতে প্রবেশ করে হামলা চালায় বলে অভিযোগে বলা হয়েছে। এ সময় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আমজাদ হোসেন এমজাইকে গুরুতর জখম করা হয়। এছাড়া তাকে লোহার রড ও কাঠের বর্গা দিয়েও আঘাত করা হয়।
হামলায় আমজাদের স্ত্রী লাভলী বেগমও আহত হন। অভিযোগে বলা হয়, হামলাকারীরা তাকে বেধড়ক মারধর করে এবং তার গলায় থাকা প্রায় ৮ আনা ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়, যার আনুমানিক মূল্য এক লাখ টাকা।
পরবর্তীতে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। আহতদের উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাদী জানান, ঘটনার পর স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা চলায় থানায় অভিযোগ দিতে কিছুটা বিলম্ব হয়েছে।
এ বিষয়ে মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, থানায় অভিযোগ জমা হয়েছে। বর্তমানে পূজা মণ্ডপের নিরাপত্তা ডিউটিতে ব্যস্ত থাকায় তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা সম্ভব হয়নি। থানায় ফিরে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রধান সম্পাদক এহসান বিন মুজাহির, সম্পাদক ও প্রকাশক মুস্তাকিম আল মুনতাজ তালুকদার
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আইটিসিজি, হাজী এলেমান কবির মার্কেট (২য় তলা) কলেজ রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার থেকে প্রকাশিত। বার্তা ও বিজ্ঞাপন: +৮৮০-১৬০১-৬০৮৬৮৮; ই-মেইল: voiceofsreemangal24@gmail.com
Copyright © 2026 voiceofsreemangal. All rights reserved.