রাজেশ ভৌমিক, নিজস্ব প্রতিবেদক:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারি হাসপাতালের স্টাফ কোয়ার্টারের তৃতীয় তলার একটি বাসা থেকে একটি কালনাগিনী সাপ উদ্ধার করা হয়েছে। সাপটি দেখতে পেয়ে ওই ভবনে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সোমবার (৬ এপ্রিল) রাত আনুমানিক ৮টার দিকে শ্রীমঙ্গল সরকারি হাসপাতালের স্টাফ কোয়ার্টারে শ্রাবণ পালের বাসায় সাপটি দেখতে পান পরিবারের সদস্যরা। হঠাৎ সাপের উপস্থিতিতে বাসার সবাই আতঙ্কিত হয়ে দ্রুত ঘর ছেড়ে বাইরে চলে যান।
ঘটনার খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সিনথিয়া তাসনিম বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান সীতেশ রঞ্জন দেবকে মুঠোফোনে বিষয়টি জানান।
খবর পেয়ে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাসার ভেন্টিলেটরের ভেতরে সাপটি দেখতে পান। পরে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় তারা সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হন।
উদ্ধারকৃত কালনাগিনী সাপটি পরবর্তীতে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।
এ বিষয়ে স্থানীয়রা জানান, হাসপাতাল এলাকায় এ ধরনের বিষধর সাপ দেখা দেওয়ায় আতঙ্ক তৈরি হলেও দ্রুত উদ্ধার কার্যক্রমের কারণে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।
প্রধান সম্পাদক এহসান বিন মুজাহির, সম্পাদক ও প্রকাশক মুস্তাকিম আল মুনতাজ তালুকদার
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আইটিসিজি, হাজী এলেমান কবির মার্কেট (২য় তলা) কলেজ রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার থেকে প্রকাশিত। বার্তা ও বিজ্ঞাপন: +৮৮০-১৬০১-৬০৮৬৮৮; ই-মেইল: voiceofsreemangal24@gmail.com
Copyright © 2026 voiceofsreemangal. All rights reserved.