নিজস্ব প্রতিবেদক, ভয়েস অব শ্রীমঙ্গল:
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় ছেলের ছুরিকাঘাতে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের আরেক ছেলে গুরুতর আহত হয়েছেন। ঘটনার তিন ঘণ্টার মধ্যে অভিযুক্ত ছেলেকে গ্রেপ্তার করেছে র্যাব-৯ শ্রীমঙ্গল ও থানা পুলিশ। বুধবার (১৫ এপ্রিল) বিকেলে উপজেলার কালাপুর ইউনিয়নের গাজীপুর আনসার ক্যাম্প এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম আকল মিয়া (৭৭)। তিনি ওই এলাকার মৃত আছকর মিয়ার ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন আকল মিয়ার আরেক ছেলে শহিদুর মিয়া (৪৫)। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. জহিরুল ইসলাম মুন্না গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘হত্যাকাণ্ডের ঘটনার তিন ঘণ্টার মধ্যে ঘাতক মো. মুশফিকুর রহমান মশিককে কালাপুর পাহাড়ি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।’
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক বিষয় নিয়ে আকল মিয়ার সঙ্গে তাঁর ছোট ছেলে মুশফিকুর রহমান মশিকের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে মশিক হাতে থাকা বড় ছুরি দিয়ে বাবাকে আঘাত করেন। এতে আকল মিয়ার ডান পাঁজরের নিচে গুরুতর জখম হয় এবং প্রচুর রক্তক্ষরণ শুরু হয়। বাবাকে বাঁচাতে শহিদুর মিয়া এগিয়ে গেলে তাকেও নাভীর বাম পাশে ছুরিকাঘাত করে গুরুতর আহত করা হয়। এরপর মশিক পালিয়ে যান। স্থানীয় লোকজন আহত অবস্থায় আকল মিয়া ও শহিদুর মিয়াকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আকল মিয়াকে মৃত ঘোষণা করেন। আহত শহিদুর মিয়ার অবস্থার অবনতি হলে প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
নিহতের ভাতিজা রুবেল মিয়া বলেন, ‘আমার চাচাতো ভাই মশিক মিয়া নেশাগ্রস্ত। সামান্য বিষয় নিয়ে পারিবারিক কথা কাটাকাটির একপর্যায়ে সে আমার চাচা আকল মিয়াকে ছুরি দিয়ে আঘাত করে। চাচাকে বাঁচাতে শহিদুর এগিয়ে এলে তাকেও ছুরি মারে। পরে হাসপাতালে নেওয়া হলে ডাক্তার চাচাকে মৃত ঘোষণা করেন।’
কালাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল মতলিব বলেন, আকল মিয়া এলাকায় একজন প্রবীণ ও সালিশী ব্যক্তি ছিলেন। তাঁর মৃত্যুতে ইউনিয়ন একজন অভিভাবকসুলভ মানুষকে হারাল। তিনি জানান, পারিবারিকভাবে জেনেছেন—ছেলের ছুরিকাঘাতে আকল মিয়া নিহত হয়েছেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
প্রধান সম্পাদক এহসান বিন মুজাহির, সম্পাদক ও প্রকাশক মুস্তাকিম আল মুনতাজ তালুকদার
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আইটিসিজি, হাজী এলেমান কবির মার্কেট (২য় তলা) কলেজ রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার থেকে প্রকাশিত। বার্তা ও বিজ্ঞাপন: +৮৮০-১৬০১-৬০৮৬৮৮; ই-মেইল: voiceofsreemangal24@gmail.com
Copyright © 2026 voiceofsreemangal. All rights reserved.