নিজস্ব প্রতিবেদক, ভয়েস অব শ্রীমঙ্গল:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এক নারীর গলায় দেশীয় অস্ত্র ঠেকিয়ে স্বর্ণালংকার ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গত রোববার (০৩মে) বিকেল আনুমানিক ৪টার দিকে শ্রীমঙ্গল উপজেলার উত্তর ভাড়াউড়া হাফিজিয়া মাদরাসা সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী নারীর নাম মাহমুদা বেগম (২২)। তিনি শ্রীমঙ্গল উপজেলার ৩ নম্বর সদর ইউনিয়নের উত্তর ভাড়াউড়া এলাকার বাসিন্দা এবং মো. সিরাজ মিয়ার স্ত্রী।
ভুক্তভোগী মাহমুদা বেগম জানান, তিনি শ্রীমঙ্গল শহর থেকে একটি মোবাইল ফোনের সিম উত্তোলন করে বাড়ি ফেরার পথে উত্তর ভাড়াউড়া সড়কের পাশে পৌঁছালে মোটরসাইকেলযোগে আসা তিনজন ছিনতাইকারী তার পথরোধ করে। একপর্যায়ে তারা একটি লম্বা দা বের করে তার গলায় ঠেকিয়ে গলার স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। পরে দ্রুত মোটরসাইকেলে পালিয়ে যায় তারা।
তিনি আরও জানান, ছিনতাই হওয়া স্বর্ণের চেইনের ওজন আনুমানিক ৬ আনা, যার বাজারমূল্য প্রায় ৭৫ হাজার টাকা।
এ ঘটনায় ভুক্তভোগী নারী শ্রীমঙ্গল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানা গেছে।
স্থানীয়রা অভিযোগ করে বলেন, পর্যটন নগরী শ্রীমঙ্গলে দিনের আলোতে মোটরসাইকেলে এসে এ ধরনের দুঃসাহসিক ছিনতাই নিরাপত্তা ব্যবস্থার চরম ব্যর্থতার প্রমাণ। তারা বলেন, দিনের বেলাতেই যদি সাধারণ মানুষ নিরাপদ না থাকে, তাহলে নিরাপত্তা ব্যবস্থা কোথায়? দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে এ ধরনের ঘটনা আরও বাড়তে পারে।
এ বিষয়ে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না বলেন, “ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করার জন্য আমাদের কাজ চলছে। তদন্তের স্বার্থে এখনই বিস্তারিত তথ্য প্রকাশ করা সম্ভব নয়। আশা করছি দ্রুতই ছিনতাইকারীদের আটক করা যাবে।”
এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং দ্রুত অপরাধীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
প্রধান সম্পাদক এহসান বিন মুজাহির, সম্পাদক ও প্রকাশক মুস্তাকিম আল মুনতাজ তালুকদার
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আইটিসিজি, হাজী এলেমান কবির মার্কেট (২য় তলা) কলেজ রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার থেকে প্রকাশিত। বার্তা ও বিজ্ঞাপন: +৮৮০-১৬০১-৬০৮৬৮৮; ই-মেইল: voiceofsreemangal24@gmail.com
Copyright © 2026 voiceofsreemangal. All rights reserved.