নিজস্ব প্রতিবেদক, ভয়েস অব শ্রীমঙ্গল:
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও চৌমুহনা এলাকায় একটি যাত্রীবাহী বাস ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে লোকমান মিয়া (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন।
শনিবার (৬ জুন) ভোর প্রায় ৫টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সাতগাঁও চৌমুহনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ময়মনসিংহ-সরিষাবাড়ি রুটে চলাচলকারী উদার পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে একটি পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপভ্যানটি দুমড়ে-মুচড়ে গেলে চালক গুরুতর আহত হন।
দুর্ঘটনার খবর পেয়ে শ্রীমঙ্গল ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পিকআপভ্যানের চালককে উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. নিশাত নওয়াব মুমু জানান, ভোর সাড়ে ৫টার দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা সড়ক দুর্ঘটনায় আহত এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসেন। পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করা হয়।
নিহত ব্যক্তি লোকমান মিয়া (২৬) পিকআপভ্যানের চালক ছিলেন। তার বাড়ি শ্রীমঙ্গল উপজেলার লালবাগ এলাকায় বলে জানা গেছে।
দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। এ ঘটনায় স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। আইনশৃঙ্খলা বাহিনী দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে।
প্রধান সম্পাদক এহসান বিন মুজাহির, সম্পাদক ও প্রকাশক মুস্তাকিম আল মুনতাজ তালুকদার
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আইটিসিজি, হাজী এলেমান কবির মার্কেট (২য় তলা) কলেজ রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার থেকে প্রকাশিত। বার্তা ও বিজ্ঞাপন: +৮৮০-১৬০১-৬০৮৬৮৮; ই-মেইল: voiceofsreemangal24@gmail.com
Copyright © 2026 voiceofsreemangal. All rights reserved.