স্টাফ রিপোর্টার, ভয়েস অব শ্রীমঙ্গল:

পবিত্র কুরআন ও মহান আল্লাহকে নিয়ে কটূক্তির অভিযোগে বাউল শিল্পী আবুল সরকারের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সর্বদলীয় ইসলামী ছাত্র ঐক্য পরিষদের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ নভেম্বর) বাদ জুম’আ শ্রীমঙ্গল থানা মসজিদের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চৌমুহনী পয়েন্টে এসে শেষ হয়। পরবর্তীতে সেখানে এক প্রতিবাদ সমাবেশও অনুষ্ঠিত হয়। এতে হাজারো ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন।

সর্বদলীয় ইসলামী ছাত্র ঐক্য পরিষদের আহবায়ক নাঈম হাসানের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন সংগঠনের আহবায়ক মুজাহিদুল ইসলাম, নাজমুল ইসলাম সাঈদ, আঞ্জুমানে তালামীযে ইসলামিয়া শ্রীমঙ্গল উপজেলা সেক্রেটারি তোফাজ্জল ইসলাম প্রমূখ।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, আবুল সরকার পবিত্র কুরআন ও আল্লাহ রাব্বুল আলামিনকে অবমাননা করে ধর্মপ্রাণ মুসলমানদের হৃদয়ে গভীর আঘাত করেছেন। এ ধরনের ধর্মবিদ্বেষী কর্মকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

বক্তারা আরও বলেন, অবিলম্বে বাউল আবুল সরকারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান। এছাড়া তারা মুসলিম সমাজের ধর্মীয় ও সাংস্কৃতিক মূল্যবোধ রক্ষায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।