মৌলভীবাজার প্রতিনিধি:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে মৌলভীবাজার-৩ (সদর–রাজনগর) আসনে নিরপেক্ষ, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে সমন্বিত নিরাপত্তা প্রস্তুতির কথা জানানো হয়েছে।

আজ সকাল ৯টায় মৌলভীবাজারে পনেরো ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কৌশিক, উক্ত আসনের দায়িত্বে নিয়োজিত ইউনিটের সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনা প্রদান করেন। তিনি পেশাদারিত্ব, শৃঙ্খলা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন।
লেফটেন্যান্ট কর্নেল কৌশিক বলেন, আগামীকাল ভোটাররা যেন নির্বিঘ্নে কেন্দ্রে এসে উৎসবমুখর পরিবেশে তাদের মূল্যবান ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে নির্ধারিত কর্মপরিকল্পনা অনুযায়ী সকলকে স্বতঃস্ফূর্তভাবে কাজ করতে হবে।

তিনি আরও জানান, মৌলভীবাজার জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, র‍্যাব, বিজিবি, আনসারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সামরিক বাহিনীর সমন্বয়ে সুপরিকল্পিত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

তিনি আশাবাদ ব্যক্ত করেন, আগামীকাল মৌলভীবাজার-৩ আসনের ভোটাররা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোট প্রদান করবেন। পাশাপাশি তিনি সতর্ক করে বলেন, সুষ্ঠু ভোট কার্যক্রমে কেউ বিঘ্ন ঘটানোর চেষ্টা করলে জনস্বার্থে তা কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে।