নিজস্ব প্রতিবেদক, ভয়েস অব শ্রীমঙ্গল:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জামিয়া মাদানিয়া ক্বাওমিয়া শেখ এম.এ জব্বার কমপ্লেক্স (শেখবাড়ী জামিয়া)-এর শিক্ষার্থীদের বোর্ড পরীক্ষায় সাফল্য অর্জন উপলক্ষে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ মার্চ) দুপুরে শ্রীমঙ্গল শহরের ভানুগাছ রোডের পানসী রেস্টুরেন্টের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইসলাম উদ্দিন।
অনুষ্ঠানে বোর্ড পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সাফল্য কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে ঈদের আনন্দ ভাগাভাগি করতে শিক্ষার্থী, শিক্ষক ও অতিথিদের অংশগ্রহণে মিলনমেলা পরিবেশ তৈরি হয়।
শেখবাড়ী জামিয়ার নির্বাহী মুহতামিম মাওলানা শেখ আহমদ আফজল বর্ণভীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন নায়েবে মুহতামিম মাওলানা শেখ সাদ আহমদ আমীন বর্ণভী, মঈনে মুহতামিম মাওলানা আব্দুর রহমান আসজাদ বর্ণভী, মুফতি মিজানুর রহমান কাসেমী, মাওলানা সাব্বির আহমদ ফতেহপুরী, মাওলানা বুরহান উদ্দিন যাত্রাবড়ী, মাওলানা আব্দুল আজিজ মাহবুবসহ জামিয়ার অন্যান্য শিক্ষক ও দায়িত্বশীলরা।
অনুষ্ঠানে নাশিদ পরিবেশন করেন জনপ্রিয় নাশিদ শিল্পী, সুরকার ও গীতিকার আহমদ আব্দুল্লাহ, উর্দু নাশিদ শিল্পী শেখ এনাম, সৈয়দ ফাহিম, সায়নান সায়েম, সাদিক বিন শামিম ও ফাতহুর রহমান রাফিসহ আরও কয়েকজন শিল্পী।
শেখবাড়ী জামিয়ার নির্বাহী মুহতামিম মাওলানা শেখ আহমদ আফজল বর্ণভী জানান, শিক্ষার্থীদের সাফল্যকে উৎসাহিত করতেই এই আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের উৎসাহ দিতে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে জামিয়ার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।