নিজস্ব প্রতিবেদক, ভয়েস অব শ্রীমঙ্গল:

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভূনবীর পশ্চিমপাড়া জামে মসজিদের ইমাম ও খতীবের দায়িত্ব থেকে স্বেচ্ছায় অবসরে গেছেন নিভৃতচারী প্রবীণ আলেম মাওলানা তোরাব আলী। শুক্রবার (১০ এপ্রিল) জুম’আর নামাজে ইমামতি করার মধ্য দিয়ে তিনি দীর্ঘ কর্মজীবনের ইতি টানেন।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ভূনবীর পশ্চিমপাড়া জামে মসজিদে দীর্ঘ এক যুগ অত্যন্ত সুনামের সঙ্গে ইমামতির দায়িত্ব পালন করেছেন মাওলানা তোরাব আলী। অবসরের ঘোষণা দেওয়ার সময় মসজিদ কমিটি, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সর্বস্তরের মুসল্লিদের মধ্যে আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। অনেকেই এ সময় ব্যথিত ও আবেগাপ্লুত হয়ে পড়েন।

মসজিদ কমিটি সূত্রে জানা গেছে, তিনি আগেও কয়েকবার দায়িত্ব থেকে অব্যাহতি নিতে চেয়েছিলেন। তবে মুসল্লিদের অনুরোধে তা সম্ভব হয়নি। এবার শারীরিক দুর্বলতার কারণে দায়িত্ব পালন কষ্টসাধ্য হয়ে পড়ায় মসজিদ কমিটি ও মুসল্লিরা অনিচ্ছা সত্ত্বেও তাঁর অবসরের সিদ্ধান্তে সম্মতি প্রদান করেন।

জানা যায়, ছাত্রজীবন শেষ করার পর থেকেই মাওলানা তোরাব আলী বিভিন্ন মসজিদে প্রায় চার দশক ইমাম ও খতীব হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর মধ্যে ভূনবীর পূর্বপাড়া জামে মসজিদে প্রায় ৩০ বছর ইমামতির খেদমত আঞ্জাম দিয়েছেন।

অবসর গ্রহণ প্রসঙ্গে নিজের অনুভূতি প্রকাশ করে মাওলানা তোরাব আলী বলেন, “আমি ইমামতি থেকে অব্যাহতি নিলেও মসজিদের সঙ্গে আমার সুসম্পর্ক দৃঢ়ই থাকবে। ইনশাআল্লাহ, আমৃত্যু মসজিদে গিয়ে জামাতের সঙ্গে নামাজ আদায়ের চেষ্টা অব্যাহত রাখবো।”

তার অবসর গ্রহণে এলাকাবাসী একজন অভিজ্ঞ ও সুনামধন্য আলেমকে ইমামতির দায়িত্ব থেকে হারালেও, তাঁর জন্য দোয়া ও সম্মান জানিয়ে ভবিষ্যতেও পাশে থাকার আশ্বাস দিয়েছেন মুসল্লিরা।