নিজস্ব প্রতিবেদক, ভয়েস অব শ্রীমঙ্গল:

মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌরসভার ২ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা আলতাফুর রহমান ওরফে নাজমুল হাসানের বিরুদ্ধে জালিয়াতি, দুর্নীতি ও নানা অনিয়ম সংক্রান্ত সংবাদ প্রকাশ করায় শ্রীমঙ্গল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও সাংবাদিক এহসান বিন মুজাহির-এর বিরুদ্ধে মামলা দায়েরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে শ্রীমঙ্গল প্রেসক্লাব।

এ ঘটনায় রবিবার (১২ এপ্রিল) শ্রীমঙ্গল প্রেসক্লাবে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের কার্যকরী সদস্য আবুজার রহমান বাবলা। সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক সৈয়দ আবু জাফর সালাউদ্দিন, সদস্য ইসমাইল মাহমুদ, ঝলক দত্ত, সাইফুল ইসলাম, এম এ রকিব, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক বিশ্বজিৎ ভট্টাচার্য্য বাপন, আব্দুর রব, সদস্য শাকির আহম্মেদ, নূর মোহাম্মদ সাগর, রূবেল আহমেদ, সৈয়দ আমিরুজ্জামান, মামুন আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ। সভা শেষের দিকে প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আ,ফ,ম আব্দুল হাই ডন উপস্থিত হন।

সভায় বক্তারা সাংবাদিক এহসান বিন মুজাহিরের বিরুদ্ধে দায়ের করা মামলাকে মিথ্যা ও হয়রানিমূলক উল্লেখ করে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তারা বলেন, এ ধরনের মামলা স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকি স্বরূপ এবং সংবাদকর্মীদের পেশাগত দায়িত্ব পালনে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে।

সভায় নেতৃবৃন্দ এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানান। পাশাপাশি শ্রীমঙ্গল প্রেসক্লাবের পক্ষ থেকে আগামীকাল (১৩ এপ্রিল) সকাল ১১টায় প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সভা ও মানববন্ধন কর্মসূচি সর্বসম্মতিক্রমে ঘোষণা করা হয়।

প্রেসক্লাব নেতৃবৃন্দ জানান, সাংবাদিকদের কণ্ঠরোধের উদ্দেশ্যে এ ধরনের মামলা করা হলে তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না এবং প্রয়োজনে বৃহত্তর আন্দোলনের কর্মসূচিও গ্রহণ করা হবে।