এহিয়া আহমদ রাফি, কমলগঞ্জ প্রতিনিধি:
কমলগঞ্জে নতুন একটি সাপ্তাহিক পত্রিকা ‘সাপ্তাহিক কমলগঞ্জের হালচাল’ আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) দুপুর ২টায় কমলগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে পত্রিকাটির মোড়ক উন্মোচন ও উদ্বোধন ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পত্রিকার মোড়ক উন্মোচন করেন মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)। এ সময় কেক কেটে তিনি পত্রিকাটির আনুষ্ঠানিক যাত্রা শুরু করেন।
প্রধান অতিথির বক্তব্যে এমপি হাজী মুজিব বলেন, বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতাই সমাজের বাস্তব চিত্র তুলে ধরে। তিনি বলেন, স্থানীয় সমস্যা, উন্নয়ন কর্মকাণ্ড, সম্ভাবনা ও জনদুর্ভোগ জনগণের সামনে তুলে ধরতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আশা প্রকাশ করেন, নতুন এই পত্রিকাটি অচিরেই কমলগঞ্জবাসীর কণ্ঠস্বর ও মুখপাত্র হিসেবে প্রতিষ্ঠিত হবে।
অনুষ্ঠানে পত্রিকার বার্তা সম্পাদক ও দৈনিক কালের কণ্ঠের মৌলভীবাজার মাল্টিমিডিয়া প্রতিনিধি সালাহউদ্দিন শুভ স্বাগত বক্তব্য প্রদান করেন।
পত্রিকার প্রকাশক ও সম্পাদক পারভেজ আহমেদ-এর সভাপতিত্বে এবং কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি নির্মল এস পলাশ-এর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও শুভেচ্ছা বক্তব্য দেওয়া হয়। পরে অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এ সময় পত্রিকার সম্পাদকমণ্ডলী, নির্বাহী সম্পাদক, বার্তা সম্পাদক, বিজ্ঞাপন ব্যবস্থাপক ও নিজস্ব প্রতিবেদকদের মাঝে আইডি কার্ড বিতরণ করেন প্রধান অতিথি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল আওয়াল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মাহবুল আলম ভূঁইয়া এবং মৌলভীবাজার প্রেসক্লাবের আহ্বায়ক মো. বকশি ইকবাল।
এছাড়াও উপস্থিত ছিলেন পত্রিকার নির্বাহী সম্পাদক আব্দুর রাজ্জাক রাজা, কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আসহাবুজ্জামান শাওন, সাধারণ সম্পাদক মো. আহমেদুজ্জামান আলম, সাংবাদিক মো. আব্দুল হান্নান চিনু, লেখক ও গবেষক আহমদ সিরাজ, বিশ্বজিৎ রায়, এম এ ওয়াহিদ রুলু, ধলাইর ডাক টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক মো. আনহার আলী, মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য মো. দুরুদ আহমদ, কমলগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক অলি আহমদ খান, যুগ্ম আহ্বায়ক আবুল হোসেনসহ বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বলেন, বর্তমান সময়ে সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন সমাজের জন্য অত্যন্ত জরুরি। দুর্নীতি প্রতিরোধ, জনসচেতনতা বৃদ্ধি এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকা অপরিসীম।
বক্তারা আরও বলেন, কমলগঞ্জের শিক্ষা, সংস্কৃতি, কৃষি, চা-বাগান এবং স্থানীয় জনজীবনের নানা দিক তুলে ধরতে ‘সাপ্তাহিক কমলগঞ্জের হালচাল’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি স্থানীয় সমস্যা ও সম্ভাবনার বাস্তব চিত্র উপস্থাপন করে জনমত গঠনে পত্রিকাটি কার্যকর ভূমিকা পালন করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানের শেষ পর্বে কেক কাটা, ফটোসেশন ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। নতুন এই পত্রিকার প্রকাশনা স্থানীয় সাংবাদিক অঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে বলে উপস্থিতদের মতামত।