নিজস্ব প্রতিবেদক, ভয়েস অব শ্রীমঙ্গল:
মৌলভীবাজার ইসলামিক স্কুলে প্রথম সেমিস্টার পরীক্ষার ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২মে) দুপুরে এ উপলক্ষে স্কুলের হলরুমে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুহাম্মদ আশিকুর রহমান। সঞ্চালনা করেন সহকারী প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মুহাম্মদ ফরহাদ সাইফুল্লাহ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেন্টার ফর মৌলভীবাজার এডুকেশন অ্যান্ড রিসার্চ (সিএমইআর)-এর ভাইস চেয়ারম্যান ও নূরুল কুরআন মাদরাসা, মৌলভীবাজারের প্রিন্সিপাল মাওলানা আহমদ বিলাল, সেন্টার ফর মৌলভীবাজার এডুকেশন অ্যান্ড রিসার্চ (সিএমইআর)-এর সেক্রেটারি মুর্শেদ আলম।
প্রধান অতিথির বক্তব্যে প্রিন্সিপাল মাওলানা আহমদ বিলাল বলেন, শুধু পাঠ্যবইয়ের জ্ঞান অর্জন নয়, নৈতিকতা ও আদর্শের সমন্বয়ে নিজেদের গড়ে তুলতে হবে। আজকের ছোট ছোট সাফল্য ভবিষ্যতের বড় অর্জনের পথ তৈরি করবে বলেও তিনি উল্লেখ করেন।
বিশেষ অতিথির বক্তব্যে মুর্শেদ আলম বলেন, আধুনিক শিক্ষার পাশাপাশি চারিত্রিক উৎকর্ষ গড়ে তোলাই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য। তিনি শিক্ষার্থীদের মেধা বিকাশে অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষপর্বে পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেন অতিথিরা।
এ সময় স্কুলের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অভিভাবকেরা এমন আয়োজনের প্রশংসা করে শিক্ষার্থীদের মেধা বিকাশে বিদ্যালয়ের ভূমিকার প্রতি সন্তোষ প্রকাশ করেন।