জুনাইদ আহমদ জুনেদ, স্টাফ রিপোর্টার:

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত “মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম” প্রকল্পের শিক্ষক-শিক্ষিকা, কেয়ারটেকারসহ সংশ্লিষ্ট সকল জনবলকে রাজস্ব খাতে স্থানান্তর এবং সরকারি গ্রেড অনুযায়ী বেতন-ভাতা প্রদানের দাবিতে স্মারকলিপি প্রদান করেছে মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ।

সোমবার (১৮ মে) সকাল ১০টায় শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমানের কাছে এ স্মারকলিপি প্রদান করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দাবি তুলে ধরা হয়।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত “মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম” দেশের অন্যতম বৃহৎ শিক্ষা ও আর্থ-সামাজিক উন্নয়নমূলক প্রকল্প। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উদ্যোগে ১৯৯৩ সালে চালু হওয়া এ প্রকল্পটি প্রতিষ্ঠালগ্ন থেকে শিক্ষা বিস্তার, নৈতিক মূল্যবোধ জাগরণ ও নিরক্ষরতা দূরীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

এতে আরও বলা হয়, প্রকল্পটি ইতোমধ্যে সফলভাবে সাতটি পর্যায় সম্পন্ন করে বর্তমানে অষ্টম পর্যায়ে কার্যক্রম পরিচালনা করছে। ১ম থেকে ৬ষ্ঠ পর্যায়ে প্রায় ২ কোটি ১৫ লাখ ৯ হাজার ৯৫০ জন শিক্ষার্থীকে শিক্ষা প্রদান করা হয়েছে। এছাড়া ৭ম পর্যায়ে প্রায় ১ কোটি ২১ লাখ ৫১ হাজার শিক্ষার্থী শিক্ষা লাভ করেছে, যা একটি বিরল সাফল্য হিসেবে উল্লেখ করা হয়।

স্মারকলিপিতে বলা হয়, বর্তমানে এ প্রকল্পে প্রায় ৭১ হাজার ৯৪৯ জন শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারী কর্মরত রয়েছেন। দীর্ঘদিন ধরে তারা স্বল্প ভাতা ও অনিশ্চয়তার মধ্যে দায়িত্ব পালন করে যাচ্ছেন। শিক্ষকরা শুধু পাঠদানেই সীমাবদ্ধ নন, তারা সরকারি তহবিলে যাকাত প্রদানে উৎসাহ প্রদান, মাদক, বাল্যবিবাহ, সন্ত্রাস ও দুর্নীতিবিরোধী সচেতনতা সৃষ্টি, টিকাদান কর্মসূচি বাস্তবায়ন এবং সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।

স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়, একটি নৈতিক ও আদর্শ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও শিক্ষক-কর্মচারীরা এখনো নিরাপত্তাহীন ও অবমূল্যায়িত অবস্থায় রয়েছেন। তাই দ্রুত সময়ের মধ্যে তাদের রাজস্ব খাতে স্থানান্তর করে সরকারি বেতন কাঠামোর আওতায় আনার দাবি জানানো হয়।

এসময় উপস্থিত ছিলেন মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস নিজামী, সাধারণ সম্পাদক মাওলানা আতা উল্লাহ, সহ-সাধারণ সম্পাদক মাওলানা জুনাইদ আহমদ জুনেদ, অর্থ সম্পাদক মাওলানা আবু ইউসূফ, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক মাওলানা শরীফ উদ্দিন, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক মাওলানা নজরুল ইসলাম, তালীম ও তরবিয়ত বিষয়ক সম্পাদক মাওলানা কাওসার আহমদসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।