ভয়েস অব শ্রীমঙ্গল ডেস্ক:

সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রেন্ড বদলাতে সময় লাগে না। একেক সময় একেক সংলাপ, ভিডিও কিংবা মজার অভিব্যক্তি দখল করে নেয় ফেসবুকের নিউজফিড। এবার নেটিজেনদের মুখে মুখে ঘুরছে নতুন এক ডায়ালগ—‘কী রাগ করলা?’

রোববার (১৭ মে) থেকে ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিও ঘিরেই শুরু হয় এই ট্রেন্ড। অল্প সময়ের মধ্যেই ডায়ালগটি জায়গা করে নেয় ক্যাপশন, কমেন্ট, ইনবক্স এমনকি মিম কনটেন্টেও।

ভিডিওতে দেখা যায়, ব্যস্ত সড়কে কাঁধে ঝোলা নিয়ে এক গণক এক যুবকের ভবিষ্যৎ ও জীবনের নানা ঘটনা নিয়ে কথা বলছেন। কথোপকথনের প্রায় প্রতিটি অংশের শেষে তিনি বলছেন—‘রাগ করলা?’ আর সেই বলার ভঙ্গিই নেটিজেনদের কাছে হয়ে ওঠে হাস্যরসের নতুন উপকরণ।

বিশেষ করে গণকের আত্মবিশ্বাসী উপস্থাপনা, নাটকীয় অভিব্যক্তি এবং কথার ধরন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের দারুণভাবে আকৃষ্ট করেছে। কেউ ভিডিওটি শেয়ার করে বন্ধুদের খোঁচা দিচ্ছেন, কেউ আবার নিজেদের অফিসের বস কিংবা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের সঙ্গে মিল খুঁজে মজার পোস্ট করছেন।

এভাবেই কয়েক ঘণ্টার ব্যবধানে ‘কী রাগ করলা?’ ডায়ালগটি পরিণত হয়েছে নতুন এক ভাইরাল ট্রেন্ডে। নেটিজেনদের সৃজনশীল মিম ও ব্যঙ্গাত্মক কনটেন্টে এখন সরগরম ফেসবুক।