নিজস্ব প্রতিবেদক, ভয়েস অব শ্রীমঙ্গল:

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পরিবহন শ্রমিকদের নামে চাঁদাবাজির অভিযোগসংক্রান্ত সংবাদ প্রকাশের জেরে এক সাংবাদিককে ফেসবুক লাইভে এসে হুমকি ও অশালীন ভাষায় গালাগালের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শ্রীমঙ্গল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন সাংবাদিক মনজু বিজয় চৌধুরী।

সোমবার (৮ জুন) অনলাইনে দায়ের করা জিডিতে সাংবাদিক মনজু বিজয় চৌধুরী উল্লেখ করেন, শ্রীমঙ্গলের নতুন বাজারের লেবু আড়তে শ্রমিক দলের নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগ নিয়ে তিনি একটি সংবাদ প্রকাশ করেন। সংবাদটি প্রকাশের পর গত ৬ জুন গভীর রাতে ‘Nure Alom’ নামের একটি ফেসবুক আইডি থেকে লাইভে এসে তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হয় এবং তাকে হত্যার হুমকিসহ অশালীন ভাষায় গালাগাল করা হয় বলে অভিযোগ করা হয়েছে।

জিডিতে আরও উল্লেখ করা হয়, অভিযুক্ত ব্যক্তির পরিচয় যাচাই করে তার নাম নূর আলম (লেবু), পিতা মৃত আব্দুল মোমিন, সাং- জালালিয়া রোড, শ্রীমঙ্গল বলে জানা গেছে।

সাংবাদিক মনজু বিজয় চৌধুরী বলেন, “সম্প্রতি শ্রীমঙ্গলের একটি বাজারে পরিবহন শ্রমিকদের নামে চাঁদাবাজির অভিযোগ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। ওই সংবাদ প্রকাশের পর ক্ষুব্ধ হয়ে নুরুল আলম লেবু সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভে এসে আমাকে উদ্দেশ্য করে হুমকিমূলক বক্তব্য দেন।”

এ ঘটনায় স্থানীয় সাংবাদিক মহলে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। সাংবাদিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা হুমকিদাতার বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে শ্রীমঙ্গল থানার পক্ষ থেকে অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে।