নিজস্ব প্রতিবেদক, ভয়েস অব শ্রীমঙ্গল:
ফ্যামিলি কার্ড সম্প্রসারণ কার্যক্রমের (তৃতীয় পর্যায়) উদ্বোধন উপলক্ষে আগামী ১৭ জুন মৌলভীবাজারের শ্রীমঙ্গল সফর করতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে এ বিষয়ে এখনো কোনো সরকারি চিঠি বা আনুষ্ঠানিক নির্দেশনা পাওয়া যায়নি বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (৯ জুন) দুপুরে শ্রীমঙ্গল উপজেলা পরিষদের কনফারেন্স রুমে ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়ন সংক্রান্ত এক প্রস্তুতি সভায় এ তথ্য জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউর রহমান।
সভায় ইউএনও বলেন, উপজেলার মির্জাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সুইলপুর মৌজায় প্রাথমিকভাবে ১৮৪ জন সুবিধাবঞ্চিত ব্যক্তিকে ফ্যামিলি কার্ডের আওতায় আনার জন্য তালিকাভুক্ত করা হয়েছে।
পরে এক বার্তায় তিনি জানান, প্রধানমন্ত্রীর সম্ভাব্য শ্রীমঙ্গল সফর নিয়ে এখন পর্যন্ত কোনো সরকারি নির্দেশনা পাওয়া যায়নি। তবে ফ্যামিলি কার্ড কর্মসূচির তৃতীয় পর্যায়ের উদ্বোধন উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল ও রাজনগর উপজেলা সফর করতে পারেন বলে বিভিন্ন নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। বিষয়টি চূড়ান্ত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরগুলো কাজ করছে।
তিনি আরও জানান, প্রধানমন্ত্রীর সম্ভাব্য আগমনকে সামনে রেখে উপজেলা প্রশাসন প্রাথমিক প্রস্তুতি গ্রহণ শুরু করেছে।
সভায় জানানো হয়, সুইলপুর মৌজাটি দুর্গম এলাকায় অবস্থিত হওয়ায় কার্ড বিতরণ অনুষ্ঠানের বিকল্প ভেন্যু হিসেবে শ্রীমঙ্গল শহরের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠ প্রস্তুত রাখা হয়েছে। তবে প্রধানমন্ত্রীর নিরাপত্তা ও সফর ব্যবস্থাপনার দায়িত্বে থাকা অগ্রবর্তী টিম এবং এসএসএফের সুপারিশের ভিত্তিতে অনুষ্ঠানস্থল চূড়ান্ত করা হবে।
প্রশাসনের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রীর সফরসূচি চূড়ান্ত হলে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কর্মসূচি প্রকাশ করা হবে।