কুলাউড়া প্রতিনিধি:
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কাদিপুরে টানা ৪০ দিনব্যাপী জামাতে নামাজ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। যুবসমাজকে মসজিদমুখী করা এবং নিয়মিত জামাতে নামাজ আদায়ে উদ্বুদ্ধ করার লক্ষ্যে কাদিপুর ইসলামী যুব সংঘের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতা এবার তৃতীয় বারের মতো অনুষ্ঠিত হচ্ছে।
সোমবার (২২ জুন) বাদ আসর কাদিপুর জামে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে প্রতিযোগিতার তৃতীয় ধাপের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কাদিপুর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা জুবায়ের আহমদ জুবেল। তিনি অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে জামাতে নামাজের গুরুত্ব, ফজিলত এবং এর মাধ্যমে ব্যক্তি ও সমাজজীবনে ইতিবাচক পরিবর্তনের বিভিন্ন দিক তুলে ধরেন। পাশাপাশি প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনাও প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন কাদিপুর জামে মসজিদের মুতাওয়াল্লি হাজী শাহীন আহমদ, সাবেক মুতাওয়াল্লি আব্দুস শহিদ, মাস্টার আমজাদ, অবসরপ্রাপ্ত বিডিআর সদস্য হারুন, শাকিল হোসেন সাকু, সিপার আহমদ, জুয়েল আহমদ, আব্দুল খালিকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আয়োজক সূত্রে জানা গেছে, তরুণদের মধ্যে নামাজের প্রতি আগ্রহ সৃষ্টি এবং মসজিদকেন্দ্রিক জীবনচর্চা গড়ে তোলার লক্ষ্যেই এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের নিয়মিত উপস্থিতি ও কার্যক্রম মূল্যায়নের ভিত্তিতে কিতাব বিতরণ এবং প্রতিবেদন প্রদান করা হবে।
আয়োজকরা জানান, ধর্মীয় অনুশীলনের পাশাপাশি যুবসমাজের মধ্যে নৈতিকতা, শৃঙ্খলা ও সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধি করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। তারা বলেন, ব্যাপক সাড়া পাওয়ায় তৃতীয় বারের মতো এ আয়োজন সফলভাবে অনুষ্ঠিত হচ্ছে এবং ভবিষ্যতেও এর ধারাবাহিকতা বজায় রাখা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে এলাকার সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লিদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।