নিজস্ব প্রতিবেদক, ভয়েস অব শ্রীমঙ্গল:
জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণ-অভ্যুত্থান দিবস-২০২৬ পালন করেছে মৌলভীবাজারের শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল। এ উপলক্ষে রচনা প্রতিযোগিতা, চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিলসহ দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়।
বুধবার (৫ আগস্ট) শ্রীমঙ্গল শহরের কালিঘাট রোডস্থ স্কুল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এহসানুল হক (এহসান বিন মুজাহির)-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও সংগঠক হাফিজ মামুনুর রশীদ মাক্কী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও ব্যবসায়ী মোহাম্মদ শাহিন আহমেদ, সংগঠক মুহাম্মদ সিহাব উদ্দিন, মুস্তাকিম আল মুনতাজ এবং হাজী সোনা মিয়া সুরজান বিবি আলিয়া মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল সাদিকুর রহমান।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীরা দুটি গ্রুপে বিভক্ত হয়ে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। পঞ্চম থেকে সপ্তম শ্রেণির শিক্ষার্থীরা ‘ক’ গ্রুপ এবং অষ্টম থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা ‘খ’ গ্রুপে অংশ নেয়।
রচনা প্রতিযোগিতায় ‘ক’ গ্রুপের বিষয় ছিল ‘জুলাই গণ-অভ্যুত্থান ও দেশপ্রেম’ এবং ‘খ’ গ্রুপের বিষয় ছিল ‘জুলাই গণ-অভ্যুত্থান ও বৈষম্যহীন বাংলাদেশ গঠনের প্রত্যয়’।
অন্যদিকে, চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ‘ক’ গ্রুপের বিষয় ছিল ‘জুলাই আন্দোলন’ এবং ‘খ’ গ্রুপের বিষয় ছিল ‘জুলাই আন্দোলনের চেতনা ও দেশপ্রেম’।
অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। একই সঙ্গে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আফসার মিয়া, মঈনুদ্দিন মুন্সি মুহিন, সাইফুল ইসলাম চৌধুরী, কাওছার আহমদ সম্রাট, মাসুম আহমেদ, জয়া রবি দাস, তাসলিমা জান্নাত চৈতি, নুরজাহান আক্তার, হাজী সোনা মিয়া সুরজান বিবি আলিয়া মাদ্রাসার রেজিস্ট্রার হাবিবুর রহমান, সহকারী শিক্ষক মাহমুদুল হাসান নাঈমসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।