মৌলভীবাজার শহরের কুসুমবাগে দুটি মোবাইলের দোকান থেকে নগদ টাকাসহ প্রায় ৪০ লাখ টাকার মোবাইল লুট করা হয়েছে। শনিবার ভোর সাড়ে ৬টার দিকে শহরের কুসুমবাগস্থ টিএস প্লাজায় মিলান টেলিকম ও গ্যালাক্সি শপ এর দোকানে এ ঘটনা ঘটে।
এসময় মিলান টেলিকম থেকে নগদ ১ লাখ ২২ হাজার টাকাসহ ভিভো, অপ্পো, রিয়েলমি, রেডমি ও স্যামসাং ব্রান্ডের প্রায় ১৯ লাখ টাকা মূল্যের মোবাইল চোরেরা নিয়ে যায়। এসময় একই মার্কেটের গ্যালাক্সি শপ নামের অপর মোবাইলের দোকান থেকেও প্রায় একই ব্রান্ডের ২০ লাখ টাকার মোবাইল চুরি হয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
মিলান টেলিকমের স্বত্বাধিকারী দেলওয়ার হোসেন বলেন, আমার ক্যাশে থাকা ১ লাখ ২২ হাজার নগদ টাকাসহ ৫টি দামি ব্রান্ডের ১৯ লাখ টাকার মোবাইল চোরেরা নিয়ে গেছে। ঘটনার সিসিটিভি ফুটেজ সংরক্ষিত আছে।
এ ঘটনায় মৌলভীবাজার মডেল থানার ওসি গাজী মো. মাহবুবুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আমরা বিষয়টি তদন্ত করছি।