মৌলভীবাজার–৪ আসনে ১০ দলীয় জোটের প্রার্থী নূরে আলম হামিদী

স্টাফ রিপোর্টার, ভয়েস অব শ্রীমঙ্গল:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে ২৯টি আসনে প্রার্থী চূড়ান্ত করেছে মাওলানা মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলিস। এর মধ্যে ১০ দলীয় নির্বাচনি জোটের সমঝোতার ভিত্তিতে ২৩টি আসনে এবং উন্মুক্তভাবে জোটের অন্যান্য শরিক দলের সঙ্গে ছয়টি আসনে নির্বাচন করবে দলটি।
মঙ্গলবার (২০ জানুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে বাংলাদেশ খেলাফত মজলিস জানায়, ‘১০ দলীয় নির্বাচনি ঐক্য’র সঙ্গে সমঝোতার আলোকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলটির মোট ২৯ জন প্রার্থী রিকশা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মৌলভীবাজার–৪ (শ্রীমঙ্গল–কমলগঞ্জ) সংসদীয় আসনে ১০ দলীয় জোটের পক্ষে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচনী লড়াইয়ে অংশ নেবেন মাওলানা শেখ নূরে আলম হামিদী। তিনি রিকশা প্রতীকে ভোটারদের সমর্থন প্রত্যাশা করছেন।
দলীয় সূত্র জানায়, জোটের সিদ্ধান্ত অনুযায়ী এই আসনে সমন্বিতভাবে নির্বাচন পরিচালনার প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং শিগগিরই আনুষ্ঠানিক প্রচারণা কার্যক্রম জোরদার করা হবে।












