মৌলভীবাজারে গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে ছাত্রশক্তির গণসংযোগ

স্টাফ রিপোর্টার, ভয়েস অব শ্রীমঙ্গল:
জাতীয় ছাত্রশক্তি মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে গণভোটে “হ্যাঁ”-এর পক্ষে এক গণসংযোগ ও প্রচার কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) মৌলভীবাজার সরকারি কলেজ ক্যাম্পাসে এ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিতে শিক্ষার্থীদের মাঝে গণভোটের গুরুত্ব, তাৎপর্য ও ভবিষ্যৎ প্রভাব সম্পর্কে ধারণা দেওয়া হয়। পাশাপাশি গণভোটে “হ্যাঁ” ভোট প্রদানের আহ্বান জানিয়ে লিফলেট বিতরণ ও গণসংযোগ কার্যক্রম পরিচালনা করা হয়।
অনুষ্ঠানটি পরিচালনা করেন জাতীয় ছাত্রশক্তি মৌলভীবাজার জেলা শাখার প্রথম যুগ্ম সদস্য সচিব রাফি হোসেন ফাহিম। এ সময় তিনি বলেন, “গণভোট জনগণের মতামত প্রকাশের একটি গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক মাধ্যম। শিক্ষার্থীদের সচেতন অংশগ্রহণ রাষ্ট্রের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
কর্মসূচিতে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।













