শ্রীমঙ্গলে আদর্শ যুব সংঘের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

মো. ইমরান হোসেন, স্টাফ রিপোর্টার :
পবিত্র মাহে রমজান উপলক্ষে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আদর্শ যুব সংঘের উদ্যোগে ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ মার্চ) শহরের মুসলিমবাগ এলাকায় আয়োজিত এ অনুষ্ঠানে সংগঠনের সদস্যবৃন্দ, আমন্ত্রিত অতিথি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর হোসেন হিমু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবির হোসেন সরকার, রাজা মিয়া, আমজাদ হোসেন, রেজুওয়ান মিয়া, শেখ শাহিন আলম, ইয়াকুব চৌধুরী ও ডা. নুরুল হক চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এ ধরনের অরাজনৈতিক সামাজিক উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক ভূমিকা রাখে। তরুণ প্রজন্মকে মানবিক ও নৈতিক মূল্যবোধে উদ্বুদ্ধ করতে এমন আয়োজন গুরুত্বপূর্ণ বলেও তারা উল্লেখ করেন। ভবিষ্যতেও সংগঠনটি শিক্ষা ও মানবসেবামূলক কার্যক্রম আরও বিস্তৃতভাবে পরিচালনা করবে—এমন প্রত্যাশা ব্যক্ত করা হয়।
সবশেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইফতার মাহফিলের সমাপ্তি ঘোষণা করা হয়।
প্রসঙ্গত, ২০১৮ সালে প্রতিষ্ঠিত অরাজনৈতিক ও সামাজিক সংগঠন আদর্শ যুব সংঘ “শিক্ষা, শান্তি, ঐক্য” মূলনীতিকে ধারণ করে দীর্ঘদিন ধরে বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। সংগঠনের নেতৃবৃন্দ জানান, প্রতিষ্ঠালগ্ন থেকেই তারা সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করছেন।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, দরিদ্র ও অসুস্থ রোগীদের আর্থিক সহায়তা প্রদানসহ নানা সেবামূলক উদ্যোগ নিয়মিতভাবে বাস্তবায়ন করা হচ্ছে। এছাড়াও মহান বিজয় দিবস, স্বাধীনতা দিবস এবং প্রতিবছরের ইফতার মাহফিলসহ বিভিন্ন সামাজিক কর্মসূচি ধারাবাহিকভাবে আয়োজন করে আসছে সংগঠনটি।











