‘না’ ভোটের পক্ষে প্রচার মানেই ফ্যাসিবাদের পক্ষে অবস্থান: মামুনুল হক

স্টাফ রিপোর্টার, ভয়েস অব শ্রীমঙ্গল:
গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির ও ১১ দলীয় নির্বাচনী ঐক্যের শীর্ষ নেতা আল্লামা মামুনুল হক বলেছেন, ‘না’ ভোটের পক্ষে যারা প্রচার চালাবে, মানুষ বুঝে নেবে তারা বাংলাদেশের বিপক্ষে এবং ফ্যাসিবাদের পক্ষে অবস্থান নিয়েছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাত সাড়ে ১০টায় মৌলভীবাজারের শ্রীমঙ্গল রেলওয়ে মাঠে রিকশা প্রতীকের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মামুনুল হক বলেন, ৫৪ বছরের শোষণ, বৈষম্য ও আধিপত্যবাদী শক্তির কবল থেকে দেশবাসীকে মুক্ত করার লক্ষ্যেই ২০২৪ সালের জুলাই বিপ্লব সংঘটিত হয়েছিল। এ সময় দেশের সাহসী তরুণরা বুক পেতে রাজপথে নেমে এসেছিল। তাদের আত্মত্যাগের ফসল হিসেবেই জুলাই সনদ প্রণয়ন হয়েছে। এই সনদ বাস্তবায়নের জন্য গণভোটে ‘হ্যাঁ’ ভোট অপরিহার্য বলে তিনি মন্তব্য করেন।
তিনি বলেন, ‘হ্যাঁ’ ভোট বিজয়ী হলে গণ-অভ্যুত্থান সফল হবে এবং দেশের কাঙ্ক্ষিত পরিবর্তন বাস্তবায়িত হবে।
জনসভায় তিনি মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে ১১ দলীয় ঐক্য সমর্থিত ও বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মাওলানা গাজী শেখ নূরে আলম হামিদীর পক্ষে রিকশা প্রতীকে ভোট চান।
এ সময় তিনি মৌলভীবাজার-১ আসনে দাঁড়িপাল্লার প্রার্থী আমিনুল ইসলাম, মৌলভীবাজার-২ আসনে ইঞ্জিনিয়ার সাহেদ আলী, মৌলভীবাজার-৩ আসনে দেওয়াল ঘড়ির প্রার্থী মাওলানা আহমদ বিলাল এবং মৌলভীবাজার-৪ আসনে রিকশা প্রতীকের প্রার্থী শেখ নূরে আলম হামিদীকে বিজয়ী করার আহ্বান জানান।
মামুনুল হক আরও বলেন, দেশের মানুষ দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসের অবসান চায়। তারা আর পুরোনো ব্যর্থ নেতৃত্ব দেখতে চায় না। জনগণ একটি ইনসাফভিত্তিক, ন্যায়নিষ্ঠ ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চায়।
তিনি বলেন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন হলেও পরবর্তীতে লুটপাট ও দুর্নীতির কারণে সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি। জুলাই গণ-অভ্যুত্থানের মাধ্যমে তরুণদের আত্মত্যাগে দেশ নতুন পথে যাত্রা শুরু করেছে। কিন্তু কিছু রাজনৈতিক শক্তি আবার দেশকে পুরোনো পথে ফিরিয়ে নেওয়ার ষড়যন্ত্র করছে।
ভোটের নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, ফ্যাসিবাদী ও পেশিশক্তির মাধ্যমে ভোট ছিনতাই করা যাবে না। এজন্য প্রতিটি ভোটকেন্দ্রে পাহারাদার বসানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।
বাংলাদেশ খেলাফত মজলিসের মৌলভীবাজার জেলা সভাপতি মুফতি হাবিবুর রহমান কাসিমীর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন বরুণা মাদরাসার ছদরে মুহতামিম মাওলানা সাইদুর রহমান বর্ণভী, বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমীর মাওলানা রেজাউল করিম জালালী, যুগ্ন মহাসচিব মাওলানা তাফাজ্জুল হক মিয়াজি, খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও মৌলভীবাজার-৩ আসনে ১১ দলীয় ঐক্য মনোনীত দেওয়াল ঘড়ির প্রার্থী মাওলানা আহমদ বিলাল, খেলাফত মজলিস শ্রীমঙ্গল উপজেলা সভাপতি মাওলানা আয়াত আলী, শেখবাড়ি জামিয়ার নির্বাহী মুহতামিম মাওলানা শেখ আফজল হামিদী বর্ণভী, রিকশা প্রতীকের প্রার্থীর প্রধান এজেন্ট মাওলানা রশিদ আহমদ হামিদী, মাওলানা শেখ হাদি আলম হামিদীসহ ১১ দলীয় নির্বাচনী ঐক্যের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এর আগে রাত সাড়ে ৯টায় কমলগঞ্জ উপজেলার মাধবপুর রোডের ভানুগাছ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আরেকটি নির্বাচনী জনসভায় বক্তব্য দেন মামুনুল হক। সেখানে জেলা সহসভাপতি মাওলানা নুরুল মুত্তাক্বীন জুনাইদের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য দেন দলটির নায়েবে আমীর কুরবান আলী কাসেমী, হাফেজ রহমান, মাওলানা শেখ নূরে আলম হামিদী, সাইদুর রহমান হামিদী মুফতি হাবিবুর রহমান কাসেমী, মাও: আব্দুল মতিন, মাও: ফারুক আহমেদ, মাও: লুৎফুর রহমান জাকারিয়া প্রমুখ।













