শ্রীমঙ্গলে পঞ্চবার্ষিকী কর্মপরিকল্পনা ও বাস্তবায়ন নিয়ে মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক, ভয়েস অব শ্রীমঙ্গল:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আগামী ২০২৬-২৭ অর্থবছর এবং পরবর্তী পাঁচ বছরের উন্নয়ন কর্মপরিকল্পনা ও বাস্তবায়ন কৌশল নির্ধারণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার (৪ এপ্রিল) দুপুর ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন। সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী।
সভায় উন্মুক্ত আলোচনায় নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর প্রতিনিধি, চা শ্রমিক নেতৃবৃন্দ, শিক্ষাবিদ, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী, জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
আলোচনায় অংশগ্রহণকারীরা শ্রীমঙ্গলের যানজট নিরসন, পর্যটকবান্ধব উন্নয়ন, ময়লার ভাগাড় অপসারণ, গ্রামীণ সড়ক ও অবকাঠামো উন্নয়ন, প্রস্তাবিত বাইপাস সড়ক প্রকল্প বাস্তবায়ন এবং নতুন স্কুল-কলেজ প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। পাশাপাশি চা বাগান শ্রমিকদের জন্য আবাসন ব্যবস্থা উন্নয়ন এবং বেকারত্ব নিরসনে কার্যকর কর্মপরিকল্পনা গ্রহণের দাবি জানানো হয়।
সভায় সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী বলেন, জনগণের মতামত গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করে অগ্রাধিকার ভিত্তিতে প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করা হবে। ভোট দিয়ে তাঁকে সংসদ সদস্য নির্বাচিত করায় তিনি এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বে বর্তমান বিএনপি সরকার জনগণের কল্যাণে কাজ করছে। সুবিধাবঞ্চিত নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠী ও চা শ্রমিকসহ সব শ্রেণি-পেশার মানুষের জীবনমান উন্নয়নে সরকারের নানা পরিকল্পনা রয়েছে, যা পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে।
তিনি জানান, শ্রীমঙ্গলের সমস্যা, সুযোগ ও সম্ভাবনা চিহ্নিত করে বাস্তবসম্মত পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করা হবে।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন বলেন, আগামী ২০২৬-২৭ অর্থবছর এবং পঞ্চবার্ষিকী উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে সাধারণ জনগণ আগামী সাত দিনের মধ্যে লিখিত মতামত জমা দিতে পারবেন।
সভায় জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।











