ইউক্রেনের ড্রোন হা/ম/লা/য় রাশিয়ায় মৌলভীবাজারের যুবক নি/হ/ত

অনলাইন ডেস্ক:
ইউক্রেন-রাশিয়া যুদ্ধে ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় মৌলভীবাজার সদর উপজেলার মুহিবুর রহমান (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। দীর্ঘ চার মাস নিখোঁজ থাকার পর গত ১৭ এপ্রিল তাঁর মৃত্যুর খবর জানতে পারে পরিবার।
নিহত মুহিবুর রহমান মৌলভীবাজার সদর উপজেলার আমতৈল ইউনিয়নের সম্পদপুর গ্রামের মসুদ মিয়ার ছেলে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন তিনি।
পরিবার ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, তিন বছর আগে স্টুডেন্ট ভিসায় রাশিয়া যান মুহিবুর। গত নয় মাস আগে দেশে ছুটিতে এসে বিয়ে করেন তিনি। এরপর আবার রাশিয়ায় ফিরে যাওয়ার কিছুদিনের মধ্যেই নিখোঁজ হন। পরিবারের সদস্যরা দীর্ঘদিন তাঁর কোনো খোঁজ পাচ্ছিলেন না। পরে জানতে পারেন, মুহিবুর রুশ সেনাবাহিনীতে চুক্তিভিত্তিকভাবে যুক্ত হয়েছিলেন।
স্বজনরা জানান, মৃত্যুর আগমুহূর্তে মুহিবুর যুদ্ধক্ষেত্রে একটি বাংকারে অবস্থান করছিলেন। এ সময় ইউক্রেনীয় ড্রোন হামলায় বাংকারে থাকা অবস্থায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। রাশিয়ান সেনাদের খাবার সরবরাহকারী এক ব্যক্তির মাধ্যমে প্রথমে তাঁর মৃত্যুর খবর পরিবারের কাছে পৌঁছায়।
মুহিবুরের মৃত্যুর সংবাদ পৌঁছানোর পর তাঁর বাবা-মা, ভাই-বোনসহ পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন। মুহিবুরের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাজিব হোসেন প্রথম আলোকে বলেন, ‘মুহিবুরের মৃত্যুর বিষয়টি আমরা অবগত হয়েছি। তাঁর মরদেহ দেশে ফিরিয়ে আনার পাশাপাশি পরিবারের জন্য আর্থিক সহায়তার চেষ্টা চলছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’
মুহিবুরের মরদেহ সরকারি উদ্যোগে দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন তাঁর স্বজন ও এলাকাবাসী।

















