মৌলভীবাজারে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ কার্যক্রম শুরু

মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ কার্যক্রম শুরু হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) সকালে মৌলভীবাজার পুলিশ লাইন্স মাঠে প্রথম দিনে প্রার্থীদের শারীরিক মাপ গ্রহণ ও কাগজপত্র যাচাইকরণের মধ্য দিয়ে নিয়োগ কার্যক্রমের সূচনা করা হয়।
নিয়োগ বোর্ডের সভাপতি ও মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন-এর নেতৃত্বে সকাল ৮টা থেকে এ কার্যক্রম শুরু হয়।
পুলিশ সূত্র জানায়, আগামীকাল শুক্রবার (২৫ এপ্রিল) প্রাথমিক বাছাইয়ের দ্বিতীয় ধাপে ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট (PET) অনুষ্ঠিত হবে। পরীক্ষায় প্রার্থীদের ২০০ মিটার দৌড়, পুশ-আপ, লং জাম্প ও হাই জাম্প নেওয়া হবে।
নিয়োগ কার্যক্রমে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সিলেট) জাকির হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নোবেল চাকমা, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (হবিগঞ্জ) মোঃ শহিদুল হক মুন্সী, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) মোঃ আজমল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খয়ের, সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) মোঃ ওয়াহিদুজ্জামান রাজুসহ নিয়োগ কার্যক্রমে দায়িত্বপ্রাপ্ত অন্যান্য পুলিশ কর্মকর্তা-কর্মচারীরা।
পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নিয়োগ কার্যক্রম সম্পূর্ণ স্বচ্ছতা ও নিয়ম-নীতির ভিত্তিতে পরিচালিত হচ্ছে এবং প্রার্থীদের কোনো ধরনের দালাল বা প্রতারকের প্রলোভনে না পড়ার আহ্বান জানানো হয়েছে।
এ নিয়োগ কার্যক্রম ঘিরে পুলিশ লাইন্স মাঠে উৎসুক প্রার্থী ও অভিভাবকদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।




















