শ্রীমঙ্গলে সিএনজি ও হাইএক্সের সংঘর্ষে নিহত ২, আহত ২

নিজস্ব প্রতিবেদক, ভয়েস অব শ্রীমঙ্গল:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সিএনজি অটোরিকশা ও হাইএক্স মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।
আহতদের মধ্যে একজনকে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং অপরজনকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সোমবার (৩০ মার্চ) বিকেল ৫টার দিকে উপজেলার সিরাজনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, হাইএক্স মাইক্রোবাসটি মৌলভীবাজার থেকে শ্রীমঙ্গলের দিকে যাচ্ছিল এবং সিএনজি অটোরিকশাটি শ্রীমঙ্গল থেকে মৌলভীবাজারের দিকে আসছিল। ঘটনাস্থলে পৌঁছালে দুটি যানবাহনের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়।
দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। হাসপাতাল সূত্র জানিয়েছে, আহতদের মধ্যে দুজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত ও আহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না দুর্ঘটনায় দুইজন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন।


















