কুলাউড়ার প্রবীণ আলেম শায়খ আব্দুল মান্নান আর নেই

কুলাউড়া প্রতিনিধি:
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার প্রবীণ বুযুর্গ আলেমে দ্বীন হযরত মাওলানা শায়খ আব্দুল মান্নান আর নেই। তিনি গতরাত (১২এপ্রিল) আনুমানিক রাত ৯টায় নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৮০ বছর।
মাওলানা শায়খ আব্দুল মান্নান ছিলেন বরুণার পীর ফিদায়ে ইসলাম আল্লামা শায়খ খলীলুর রহমান হামিদী (রহ.)-এর অন্যতম খলীফা। তিনি দীর্ঘদিন ধরে জামিয়া ইসলামিয়া কর্মধা মাদরাসার সিনিয়র শিক্ষক হিসেবে দ্বীনি খিদমত আঞ্জাম দিয়ে গেছেন। পাশাপাশি তিনি বিভিন্ন দ্বীনি প্রতিষ্ঠানে শিক্ষকতা ও দ্বীনের প্রচার-প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
তিনি ছিলেন ১৩ নং কর্মধা ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার কাজী মাওলানা জুনাইদ আহমদ বেলাল এবং ঐতিহ্যবাহী বরুণা মাদরাসার সাবেক মুহাদ্দিস ও দারুল উলূম ডেট্রয়েট (মিশিগান)-এর শিক্ষাসচিব হাফেজ মাওলানা জাবেদ আহমদ-এর সম্মানিত পিতা।
পারিবারিক সূত্রে জানা যায়, তিনি জীবদ্দশায় অসংখ্য বরেণ্য আলেমের সম্মানিত উস্তায হিসেবে পরিচিত ছিলেন। তিনি রেখে গেছেন ৬ ছেলে ও ১ মেয়ে, অসংখ্য ভক্ত, শিষ্য এবং গুণগ্রাহী।
মরহুমের জানাযার নামাজ আজ বিকাল ৩টায় টাট্টিউলী (হায়দরগঞ্জ) কবরস্থান ময়দানে অনুষ্ঠিত হবে বলে পরিবার সূত্রে জানা গেছে।
তার ইন্তেকালে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আলেম-উলামা, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।














