জীবনবোধের বার্তা নিয়ে ঢাকার ইসলামী বইমেলায় মুস্তাকিমের ‘জীবন গড়ার ছড়া’

নিজস্ব প্রতিবেদক, ভয়েস অব শ্রীমঙ্গল:
শৈশবের কোলাহল, মক্তবের নরম আলো, সহজ-সরল ছন্দ ও নৈতিক মূল্যবোধের বার্তা নিয়ে পাঠকদের সামনে এসেছে তরুণ আলেম, লেখক ও সাংবাদিক মুস্তাকিম আল মুনতাজের প্রথম ছড়াগ্রন্থ ‘জীবন গড়ার ছড়া’।
বৃহস্পতিবার (১ অক্টোবর) থেকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম প্রাঙ্গণে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত আন্তর্জাতিক ইসলামী বইমেলায় নবপ্রকাশের ১৩ নম্বর স্টলে বইটি পাওয়া যাচ্ছে।
শিশু-কিশোরদের উপযোগী সহজ ভাষা ও সাবলীল ছন্দে লেখা বইটিতে স্থান পেয়েছে সত্য, ন্যায়, বিশ্বাস, নৈতিকতা ও আত্মশুদ্ধির নানা শিক্ষা। কখনো প্রার্থনার কোমল সুর, কখনো অনুশোচনা ও আত্মজিজ্ঞাসার অনুভূতি—ছড়ার ছন্দে এসব জীবনবোধ তুলে ধরেছেন লেখক।
লেখক মুস্তাকিম আল মুনতাজ বলেন, “‘জীবন গড়ার ছড়া’ শুধু ছড়ার সংকলন নয়; বরং শিশু-কিশোরদের নৈতিক ও মানবিক মূল্যবোধ গঠনে সহায়ক একটি ছোট্ট জীবনপাঠ। ছন্দের আবরণে জীবনবোধের এসব বার্তা শিশু-কিশোরদের হৃদয়ে ইতিবাচক চিন্তা ও সুন্দর চরিত্র গঠনের অনুপ্রেরণা জোগাবে বলে প্রত্যাশা করি।”
বইটি প্রকাশ করেছে রাবতা প্রকাশনী। গত শুক্রবার (২৫ সেপ্টেম্বর) মৌলভীবাজার পাবলিক লাইব্রেরিতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়।
রাবতা প্রকাশনীর প্রকাশক লাবীব হুমায়দী বলেন, “বইটি নিয়ে ইসলামী বইমেলাকেন্দ্রিক আমাদের কোনো টার্গেট ছিল না। তারপরও গত বৃহস্পতিবার আমরা বইটি বইমেলায় নিয়ে আসি। আলহামদুলিল্লাহ, এ পর্যন্ত বইটি নিয়ে পাঠকদের বেশ সাড়া পাচ্ছি।”
তিনি বলেন, “‘জীবন গড়ার ছড়া’ মুস্তাকিম আল মুনতাজের প্রথম প্রকাশিত ছড়াগ্রন্থ। শিশু-কিশোরদের পাশাপাশি অভিভাবক ও শিক্ষানুরাগীদের কাছেও বইটি পাঠযোগ্য হয়ে উঠবে বলে আশা করছি।”
প্রকাশের পর থেকে বিভিন্ন শ্রেণি-পেশার পাঠকের মধ্যে বইটি নিয়ে আগ্রহ তৈরি হয়েছে। বইমেলার পাশাপাশি বিভিন্ন মাধ্যমে পাঠকদের কাছ থেকেও বইটি নিয়ে সাড়া পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
মুস্তাকিম আল মুনতাজ মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার বরুণায় ১৯৯৫ সালে জন্মগ্রহণ করেন। তিনি কওমি মাদরাসা থেকে দাওরায়ে হাদিস (মাস্টার্স), আলিয়া ধারায় দাখিল ও আলিম এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে শ্রীমঙ্গল সরকারি কলেজ থেকে ডিগ্রি (বিএসএস) পড়াশোনা করেছেন।
সাংবাদিকতার পাশাপাশি লেখালেখি, শিক্ষা, সংস্কৃতি ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন তিনি। বর্তমানে তিনি জাতীয় দৈনিক আজকের বাংলা-এর মৌলভীবাজার জেলা প্রতিনিধি, দৈনিক আলোকিত সকাল-এর শ্রীমঙ্গল উপজেলা প্রতিনিধি, আওয়ার ইসলামের মৌলভীবাজার জেলা প্রতিনিধি, ভয়েস অব শ্রীমঙ্গল-এর সম্পাদক ও প্রকাশক এবং মাসিক ছন্দপাতা-এর নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
এ ছাড়া বৃহত্তর সিলেটের শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক সংগঠন সৃজনঘর-এর প্রচার সম্পাদক, সেবামূলক সংগঠন খিদমাহ ব্লাড ব্যাংক-এর ভাইস চেয়ারম্যান এবং তালুকদার ওয়েলফেয়ার ট্রাস্ট-এর সাংগঠনিক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।















