শ্রীমঙ্গলে চোরাইকৃত ৫ অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক, ভয়েস অব শ্রীমঙ্গল:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অভিযান চালিয়ে চোরাইকৃত পাঁচটি অটোরিকশাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ।
বুধবার (৩০ সেপ্টেম্বর) রাত ১১টা ৪০ মিনিটে উপজেলার কালাপুর ইউনিয়নের ভৈরববাজার এলাকার দেওয়ান মার্কেটের বাইক্কাবিল গ্যারেজে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—শ্রীমঙ্গল উপজেলার মুসলিমবাগ এলাকার মো. হেলাল মিয়ার ছেলে রিপন মিয়া (১৯) এবং মৌলভীবাজার সদর উপজেলার কালিয়াগাঁও এলাকার সৈয়দ তালেব আলীর ছেলে সৈয়দ মুহিন আলী (৩৭)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গল থানার এএসআই (নিরস্ত্র) মো. আবুল তালেব সঙ্গীয় ফোর্স নিয়ে বাইক্কাবিল গ্যারেজে অভিযান পরিচালনা করেন। এ সময় তাদের হেফাজত থেকে ডায়নামিক ব্র্যান্ডের একটি, ইউয়ান্ডি ব্র্যান্ডের তিনটি ও নামবিহীন একটি—মোট পাঁচটি অটোরিকশা উদ্ধার করা হয়।
এ ছাড়া চারটি অটোরিকশার সামনের গ্লাস, ১০টি অটোরিকশার চাকা, চারটি জাম্পার ও তিনটি ডিফারেন্সার উদ্ধার করা হয়। উদ্ধার করা মালামালের আনুমানিক মূল্য প্রায় ছয় লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।
প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেপ্তার দুই ব্যক্তি পরস্পর যোগসাজশে অটোরিকশা চুরি এবং চোরাইকৃত অটোরিকশা বেচাকেনার সঙ্গে জড়িত।
এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে পেনাল কোডের ৩৭৯/৪১১ ধারায় মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়।













