তরুণদের ক্যারিয়ার সচেতনতা গড়তে হবিগঞ্জে যুব মজলিসের সেমিনার

আবদুর রউফ আশরাফ, হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জে ‘বর্তমান প্রেক্ষাপটে তরুণের ক্যারিয়ার ভাবনা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সকাল ৯টায় হবিগঞ্জ প্রেসক্লাবে ইসলামী যুব মজলিস হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে তরুণদের ক্যারিয়ার পরিকল্পনা, কর্মমুখী দক্ষতা অর্জন, হালাল উপার্জন ও আর্থিক স্বাবলম্বিতা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।
সেমিনারে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার মেহেদী হাসান সাকি, তিনি তরুণদের ক্যারিয়ার গঠনে বাস্তবমুখী পরিকল্পনা, দক্ষতা অর্জন, কর্মসংস্থানের বিকল্প পথ, উদ্যোক্তা হওয়ার সম্ভাবনা ও আর্থিক স্বাধীনতা অর্জনের বিভিন্ন দিক তুলে ধরেন।
প্রধান আলোচক তাঁর বক্তব্যে তরুণদের ক্যারিয়ার গঠনে পাঁচ ধাপের একটি বাস্তবসম্মত রোডম্যাপ উপস্থাপন করেন। এতে নিজেকে ও বাজারকে চেনা, প্রয়োজনীয় দক্ষতা ও প্রশিক্ষণ অর্জন, কাজের বাস্তব প্রমাণ তৈরি, প্রথম গ্রাহক ও আয়ের পথ সৃষ্টি এবং পরবর্তী সময়ে সঞ্চয়, সম্পদ গঠন, বিনিয়োগ ও দানের মাধ্যমে দায়িত্বশীল জীবন গড়ে তোলার বিষয়গুলো গুরুত্ব পায়।
তিনি বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক সময়ে শুধু সার্টিফিকেট অর্জন কিংবা একটি চাকরির অপেক্ষায় বসে থাকাই যথেষ্ট নয়; বরং বাস্তব দক্ষতা, অভিজ্ঞতা, সৃজনশীলতা ও কর্মস্পৃহা অর্জন করতে হবে। তরুণদের নিজেদের আগ্রহ, সামর্থ্য ও বাজারের চাহিদা বিবেচনায় পেশা নির্বাচন করে ছোট পরিসরে হলেও কাজ শুরু করার আহ্বান জানান তিনি।
বক্তব্যে হালাল উপার্জনের গুরুত্ব তুলে ধরে তিনি শ্রম, দক্ষতা, সততা, সঠিক ব্যবসা ও সময়ের সদ্ব্যবহারকে অর্থনৈতিক জীবনের মৌলিক ভিত্তি হিসেবে উল্লেখ করেন। পাশাপাশি সুদ, জুয়া, প্রতারণা, মিথ্যা বিজ্ঞাপন ও অসৎ উপার্জনের পথ পরিহার করে ইসলামী মূল্যবোধের আলোকে কর্মজীবন গঠনের ওপর গুরুত্বারোপ করেন।
সেমিনারে আলোচক হিসেবে বক্তব্য রাখেন অ্যাডভোকেট মো. ছারওয়ার রহমান চৌধুরী, ড. মাওলানা মাহমুদুল হাসান কিবরিয়া ও হাফেজ মাওলানা আবু তাহের প্রমুখ।
আলোচকরা তরুণ প্রজন্মকে নৈতিকতা, ইসলামী মূল্যবোধ ও বাস্তবমুখী দক্ষতার সমন্বয়ে নিজেদের কর্মজীবন গড়ে তোলার আহ্বান জানান। তারা বলেন, পরিবর্তনশীল বিশ্বে টিকে থাকতে শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা নয়, বরং বাস্তব দক্ষতা, সৃজনশীলতা, কর্মস্পৃহা, সততা ও দায়িত্ববোধের সমন্বয় প্রয়োজন।
ইসলামী যুব মজলিস হবিগঞ্জ জেলা শাখার এ আয়োজন তরুণদের ক্যারিয়ার সচেতনতা বৃদ্ধি, কর্মসংস্থানের বিকল্প ভাবনা সৃষ্টি এবং হালাল উপার্জনের মাধ্যমে আত্মনির্ভরশীল জীবন গঠনে উৎসাহিত করার লক্ষ্যে অনুষ্ঠিত হয়।
















