চোরাই মোটরসাইকেলসহ ২৮ মামলার আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ভয়েস অব শ্রীমঙ্গল:
মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে চোরাই মোটরসাইকেলসহ মিল্টন সরকার (৪৯) নামে ২৮ মামলার এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে নাম্বার প্লেটবিহীন একটি ইয়ামাহা ১৫৫ সিসি মোটরসাইকেল জব্দ করা হয়।
সোমবার (১৫ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টা ৪৫ মিনিটে শ্রীমঙ্গল থানাধীন হবিগঞ্জ রোডের নুর ফুডস অ্যান্ড রেস্টুরেন্টের সামনে শ্রীমঙ্গল-হবিগঞ্জ মহাসড়কে ডিবি পুলিশের চেকপোস্ট চলাকালে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, চেকপোস্টে নাম্বার প্লেটবিহীন একটি মোটরসাইকেলকে থামার সংকেত দেওয়া হলে চালক মোটরসাইকেলটি ঘুরিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার এসআই (নিরস্ত্র) মোহাম্মদ আজিজুল গাফফার সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় তাকে আটক করেন।
আটকের পর মোটরসাইকেলটির বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হন মিল্টন সরকার। পরে নাম্বার প্লেটবিহীন নীল-কালো রঙের ইয়ামাহা ১৫৫ সিসি মোটরসাইকেলটি জব্দ করা হয়। জব্দ করা মোটরসাইকেলটির আনুমানিক মূল্য ৪ লাখ ৫০ হাজার টাকা।
পুলিশের দাবি, গ্রেপ্তারকৃত মিল্টন সরকার একজন পেশাদার ও সংঘবদ্ধ চোরচক্রের সক্রিয় সদস্য এবং চক্রটির অন্যতম মূলহোতা। দীর্ঘদিন ধরে তিনি সিলেট, চট্টগ্রাম, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, নারায়ণগঞ্জ, নরসিংদীসহ দেশের বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল চুরি করে অজ্ঞাতনামা চোরাকারবারিদের কাছে বিক্রি করে আসছিলেন।
পুলিশ আরও জানায়, মিল্টন সরকারের বিরুদ্ধে চট্টগ্রামে ২১টি, মৌলভীবাজারে ৫টিসহ ব্রাহ্মণবাড়িয়া, নারায়ণগঞ্জ ও নরসিংদীসহ বিভিন্ন থানায় মোট ২৮টি চুরি মামলা রয়েছে। এসব মামলা বর্তমানে বিজ্ঞ আদালতে বিচারাধীন।
এর আগে চলতি বছরের ২ জানুয়ারি মৌলভীবাজার জেলা গোয়েন্দা পুলিশ শ্রীমঙ্গলের ভাড়াউড়া এলাকা থেকে মিল্টন সরকারকে দুটি চোরাই মোটরসাইকেল ও চুরির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামসহ গ্রেপ্তার করেছিল।
এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
















