এক লাখ স্কুল-কলেজ শিক্ষার্থীর হাতে ‘নবিজি’ তুলে দিচ্ছে রাবতা

নিজস্ব প্রতিবেদক, ভয়েস অব শ্রীমঙ্গল:
মহানবী হজরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন, চরিত্র ও আদর্শ তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে দেশব্যাপী ‘নবিজি’ বিতরণ কার্যক্রম শুরু করেছে ইতিহাস, ঐতিহ্য ও তামাদ্দুনভিত্তিক প্ল্যাটফর্ম রাবতা।
সিরাতের সংক্ষিপ্ত ও সহজবোধ্য বই ‘নবিজি’ সম্পূর্ণ বিনামূল্যে দেশের এক লাখ স্কুল-কলেজ শিক্ষার্থীর হাতে পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে এ উদ্যোগ গ্রহণ করেছে সংগঠনটি। ইতোমধ্যে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সরাসরি গিয়ে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিচ্ছে রাবতার টিম।
রাবতা জানিয়েছে, এ পর্যন্ত প্রায় তিন হাজার শিক্ষার্থীর হাতে ‘নবিজি’ পৌঁছে দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে দেশের বিভিন্ন প্রান্তের আরও স্কুল ও কলেজে গিয়ে এ কার্যক্রম অব্যাহত রাখা হবে।
উদ্যোগ সংশ্লিষ্টরা বলছেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ও আদর্শ তরুণদের কাছে সহজভাবে তুলে ধরার মাধ্যমে তাদের মধ্যে নৈতিক মূল্যবোধ, মানবিকতা এবং ইসলামের ইতিহাস-ঐতিহ্য সম্পর্কে আগ্রহ তৈরি হবে। একই সঙ্গে বইটি শিক্ষার্থীদের সিরাতচর্চায় উৎসাহিত করবে বলে তারা আশা করছেন।
রাবতা জানায়, ইতিহাস, ঐতিহ্য ও তামাদ্দুনের চর্চাকে সামনে রেখে শিক্ষা, সংস্কৃতি, গবেষণা ও পাঠাভ্যাসকেন্দ্রিক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে প্ল্যাটফর্মটি। এর ধারাবাহিকতায় তরুণ প্রজন্মের মাঝে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ও আদর্শের চর্চা ছড়িয়ে দিতে ‘নবিজি’ বিতরণ কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।
দেশের এক লাখ স্কুল-কলেজ শিক্ষার্থীর হাতে বইটি পৌঁছে দেওয়ার লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত এ কার্যক্রম ধাপে ধাপে চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে রাবতা।

















